দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাওরের ফসলরক্ষা বাঁধকে কেন্দ্র করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুই ইউনিয়নের কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের দত্তখিলা-নাগেরগাতী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দত্তখিলা-নাগেরগাতী এলাকায় নির্মিত ফসলরক্ষা বাঁধের কারণে মেদার বিলের পানি স্বাভাবিকভাবে দত্তখিলা খালে নামতে পারছিল না। এতে মেদার বিলে চাষ করা বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় বড়খাপন ইউনিয়নের কৃষকরা ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করেন।
তবে ওই বাঁধের কারণে বৃষ্টির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে পার্শ্ববর্তী পোগলা ইউনিয়নের কান্দুলিয়া বিলের ফসলি জমি প্লাবিত হওয়ার উপক্রম হয়। এ নিয়ে দুই ইউনিয়নের কৃষকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ইসরাফিল (২৬), হেলাল শেখ (৬৫), মো. ইলিয়াস (৩৫), মুহাম্মদ (৪৫), মো. আনিস (২২), রুবেল (৩০), জুয়েল (২৫), রব মিয়া (৪২), আজাহারুল ইসলাম (২৬), মাসুদ (৪০), জামাল (৪০), আ. কাইয়ুম (৩৫), হাক্কুল (৩২) ও তফিকুল ইসলাম (২৫)সহ অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের সময় পোগলা ইউনিয়নের কিছু লোক ফসলরক্ষা বাঁধের একটি অংশ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে।
পোগলা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, তাদের এলাকার প্রায় ৯০০ একর জমি পানিতে তলিয়ে যাচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও সমাধান না পাওয়ায় কৃষকরা নিজেরাই বাঁধের একটি অংশ কেটে দেন। এরপর বড়খাপন ইউনিয়নের লোকজন দলবদ্ধ হয়ে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
তবে বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিকের বক্তব্য পাওয়া যায়নি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
জে আই